• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০৩ | জুলাই ২০২৬ | কবিতা
    Share
  • দুটি কবিতা: ভাঙতে ভাঙতে চলি; পুরোনো দিন : অরণি বসু


    ভাঙতে ভাঙতে চলি

    ভাঙতে ভাঙতে চলি, পথ বন্ধুর।

    তোমাদের কলরোল মনে পড়ে,
    তোমাদের হাসি-গান, আনন্দ-কোলাহল।

    পরতে পরতে কত প্রজাপতি, রংবাহারি জীবন,
    আমি শুধু ভুল রাস্তায় বারবার ভাঙনের পথে।

    হাতছানি সম্পূর্ণ ফুটে ওঠার আগেই মিলিয়ে যায়।

    কোনো গূঢ় সংকেত?
    বিপর্যস্ত বর্ণমালা?

    ভাঙতে ভাঙতে চলি, পথ বন্ধুর।

    পুরোনো দিন

    পুরোনো সেই সব দিনের টুকরো টুকরো ছবি
    কেবলই মনে হয় গত জন্মের।
    ডানা মেলে উড়ে বেড়িয়েছি,
    প্রিয়জনদের সঙ্গে মেতেছি হল্লায়।
    আজ এক দূর-শহরে ডানা মুড়ে বসে আছি—
    অপেক্ষা শুশ্রূষার,
    অপেক্ষা বন্ধুদের আবার ছোঁয়ার।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments