• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০৩ | জুলাই ২০২৬ | কবিতা
    Share
  • মধুচন্দ্রিমা : অঞ্জলি দাশ



    এই আলো জীবনকে শুষে নেওয়া মায়ার মতন...
    জানো না তো জ্যোৎস্না কখনও মৃত্যু ডেকে আনে।
    যে সময় সম্পর্কের ডালে ডালে
    দোল খায় জীবনের ছদ্মবেশ,
    কেউ কেউ অকস্মাৎ মৃত্যু খেলতে যায়।

    মুহূর্তরা সেলাই কলের মতো
    মুখ বুৃঁজে জুড়ে চলে বয়সের অনুতাপগুলো,
    জুড়ে চলে ছেঁড়া সম্পর্ককে, অনুদানহীন।

    বাধ্যতামূলক সংলাপের নিচে
    সারাদিন নিরুচ্চার দেয়া নেয়া,
    নিরক্ত সবটাই,
    স্মৃতির তোরঙ্গে তার বন্ধ করার মতো
    ছায়া ছাড়া কিছু নেই।

    আসন্ন সন্ধের মুখে প্রতিদিন মুঠো খুলে যায় তার,
    আলোর পোকারা ডানা মেলতে থাকে,
    তাদের অনেক দূরে ঘর...
    সবটাই অন্ধকার, চাঁদ ডাকে
    ধীরে ধীরে গোটানো লাটাই সুতো খুলতে থাকে।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments