• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০৪ | অক্টোবর ২০২৬ | কবিতা
    Share  
  • দু'টি কবিতা: শমন; হীন : শিবালোক দাস

    শমন

    তোমাকে স্পর্শ করে আমি
    নক্ষত্র বুনেছি রক্তস্রোতে,
    মুছে দিয়েছি সব অনুমান।

    তবুও কেন দূর থেকে
    চোখ রাখো এই চোখে?
    কেন ফেলে রাখো তোমার
    তরবারি,
    শব্দহীনতায়?

    সীমানা পেরিয়ে গেলে এখনও
    বুঝি পরতে পরতে ঝরে যেতে
    ভয় করে?


    হীন

    কোলাহলে আর কোনো
    বাতাস থাকে না,
    তবুও বাড়িয়ে দিই দুহাত,
    অতল, অতল—
    ছিঁড়ে যাওয়া ব্রহ্মে দু মুঠো
    ফুল রাখি…

    তবে কেন চাও আমাকে?
    কেন রাখো এই রক্তাক্ত চোখ?

    তারায় তারায় বিক্ষিপ্ত হলে
    গোপনে তুলে আনি আমার
    ছিন্নমূল—
    হীন ভেবে চুম্বন করো,
    স্পর্শ করো, করতলে।

    মিশে যাই।




    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  •   (?)
  • মন্তব্য পড়ুন / Read comments