



ফরাসী জাতীয় সংগীত – লা মারসেইএজ
মাতৃভূমির সন্তানেরা শোনো – এসে গেছে সেই মহান দিন! আমাদের বিরুদ্ধে স্বৈরাচারের নিশান উঠেছে। গ্রামে প্রান্তের শোনা যাচ্ছে রক্তপিপাসী সৈন্যদের আওয়াজ। তারা আসছে তোমাদের পুত্র আর পত্নীদের গলা কাটতে! অস্ত্র তোলো হাতে, এগিয়ে চলো। ওদের অশুচি রক্তে ভেজাও শস্যের ক্ষেত। এই ভৃত্যরা, এই বিশ্বাসঘাতক আর ষড়যন্ত্রকারী রাজারা, এরা আমাদের লোহার বেড়িতে বেঁধেছে। এই অপমান আমাদের, ফরাসীদের। ওরা ফিরিয়ে আনতে চায় পুরোনো দাসত্ব। এই বিদেশী বাহিনী, এই ভাড়াটে সৈন্যদল কি আমাদেরই উপর চাপাবে ওদের আইন? আমাদের গর্বিত যোদ্ধাদের ধূলিসাৎ করবে? স্বৈরাচারীরা হয়ে উঠবে আমাদের ভাগ্যের নিয়ন্তা? হে স্বৈরাচারী ও বিশ্বাসঘাতকদল, তোমরা এবার কেঁপে উঠবে। মাতৃভূমির বুকে ছুরি মারার ষড়যন্ত্রের উপযুক্ত ফল তোমরা পাবে। আজ আমরা সবাই সৈনিক। আমাদের তরুণ বীরেরা যদি ঝরেও পড়ে, তবু এ মাটি জন্ম দেবে নতুন নতুন যোদ্ধার। হে ফরাসীরা, যারা আজ আমাদের বিরুদ্ধে অস্ত্র তুলে অনুতপ্ত, মহানুভব যোদ্ধার মতো রেহাই দাও তাদের। কিন্তু ওই রক্তপিপাসী স্বৈরাচারীরা, ওই সব বাঘতুল্য নরপিশাচ, যারা বিন্দুমাত্র দয়া ছাড়াই নিজেদের মায়ের বুকও ছিঁড়ে ফেলতে পারে – তাদের ছেড়ো না। পিতৃভূমির প্রতি পবিত্র ভালোবাসা নিয়ে, প্রতিশোধে তোমাদের বাহুকে চালিত করো। হে স্বাধীনতা, প্রিয় স্বাধীনতা! তোমার আহ্বানে আমাদের পতাকার নিচে আসবে বিজয়। মুমূর্ষু শত্রুরা দেখুক তোমার জয় ও আমাদের গৌরব। যে প্রবীণরা চলে গেছে, আজ আমরা তাঁদের ধূলিকণা খুঁজে পাব। খুঁজে পাব তাঁদের সুকৃতি। তাঁদের উত্তরসূরী হয়ে দুঃখ করব না তাঁদের কফিনে স্থান না পাইনি বলে। আমাদের গর্ব হবে তাঁদের প্রতিশোধ নিতে, তাদের অনুসরণ করতে।
জার্মান জাতীয় সংগীত – ডয়েশলান্ডলীট (বা ডাস লীট ডেয়ার ডয়শেন)
জার্মানি, জার্মানি সবার ঊর্ধ্বে। সারা বিশ্বের মধ্যে সবার ঊর্ধ্বে – যখন সে ঐক্যবদ্ধ থাকে —সুরক্ষা ও প্রতিরক্ষায় ভ্রাতৃত্বের বন্ধনে। মিউজ থেকে নেমান নদী, আদিজে থেকে লিটল বেল্ট, জার্মানি, জার্মানি সবার ঊর্ধ্বে, সারা বিশ্বের মধ্যে সবার ঊর্ধ্বে! জার্মান নারী, জার্মান নিষ্ঠা, জার্মান সুরা আর জার্মান গান — বিশ্বজুড়ে ধরে রাখবে তারা তাদের সেই চিরন্তন সুমধুর সুর, আজীবন আমাদের উদ্বুদ্ধ করবে মহৎ সব কর্মে — জার্মান নারী, জার্মান নিষ্ঠা, জার্মান সুরা আর জার্মান গান! ঐক্য, ন্যায় ও স্বাধীনতা — জার্মান পিতৃভূমির জন্য! এসো আমরা সবাই মিলে এর জন্য সচেষ্ট হই, মিলাই হৃদয় ও হাত, ভ্রাতৃত্বের সাথে! ঐক্য, ন্যায় ও স্বাধীনতা — সুখেরই মূল ভিত্তি — এই সুখের আভায় বিকশিত হও, বিকশিত হও, জার্মান পিতৃভূমি!
ব্রিটিশ/ইংরেজ জাতীয় সংগীত - গড সেভ দ্য কিং
ঈশ্বর আমাদের মহানুভব রাজাকে রক্ষা করুন! আমাদের মহৎ রাজা দীর্ঘজীবী হোন! ঈশ্বর রাজাকে রক্ষা করুন! তাঁকে বিজয়মণ্ডিত করুন, সুখী ও মহিমান্বিত করুন, দীর্ঘকাল আমাদের ওপর রাজত্ব করুন তিনি, ঈশ্বর রাজাকে রক্ষা করুন! তোমার শ্রেষ্ঠ সব আশীর্বাদ, তাঁর ওপর বর্ষণ করো সদয় হয়ে। দীর্ঘকাল তিনি রাজত্ব করুন। তিনি আমাদের আইন রক্ষা করুন, এবং সর্বদা আমাদের এমন কারণ দিন, যাতে আমরা প্রাণভরে ও কণ্ঠে সুর মিলিয়ে গাইতে পারি— ঈশ্বর রাজাকে রক্ষা করুন!
জাপানী জাতীয় সংগীত – কিমিগায়ো
তোমার রাজত্বকাল অব্যাহত থাকুক সহস্র প্রজন্ম কিম্বা আট সহস্র প্রজন্ম ধরে – যতদিন না ক্ষুদ্র নুড়ি-পাথরগুলো শ্যাওলা-আবৃত বিশাল সব পাথরের চাঙড়ে পরিণত হয়।চীনের জাতীয় সংগীত – march of the volunteers
জাগো! যারা দাস হয়ে থাকতে অস্বীকার করো!
ওহে, ভোরের প্রথম আলোয় তুমি কি দেখতে পাচ্ছ —
সন্ধ্যায় যাকে আমরা গর্বের সাথে নমস্কার জানিয়েছিলাম,
যার ডোরা-কাটা লাইন আর উজ্জ্বল তারা সেই বিপদসংকুল লড়াইয়ের মাঝে
দুর্গের প্রাচীরের ওপর দিয়ে বীরদর্পে উড়ছিল?
আর রকেটের লাল আভা, আকাশে বোমার বিষ্ফোরণ—
রাতের অন্ধকারেও প্রমাণ দিচ্ছিল যে আমাদের পতাকাটি তখনও সেখানে ছিল।
ওহে, বলো তো—সেই নক্ষত্রখচিত পতাকা কি আজও উড়ছে
মুক্ত জনের এই দেশ আর সাহসী জনের এই নিবাসে?
কুয়াশার আড়ালে অস্পষ্ট সেই তীরে,
যেখানে উদ্ধত শত্রুর বাহিনী নিঃশব্দে বিশ্রাম নেয়,
উঁচু পাহাড়ের ওপর দিয়ে বয়ে চলা বাতাসের ঝাপটায়—
যা কখনো ঢাকে, কখনো খোলে — সেটি কী দেখা যায়?
এখন তা ভোরের প্রথম আলোর চিকচিক করে ওঠে,
আবার পরক্ষণেই পূর্ণ মহিমায় নদীর জলে তার ছায়া ঝিলমিলিয়ে ওঠে।
সেটিই সেই নক্ষত্রখচিত পতাকা — চিরকাল তা উড়ুক,
মুক্ত জনের এই দেশ আর সাহসী জনের এই নিবাসে!
কোথায় আজ সেই দল, যারা দম্ভভরে শপথ নিয়েছিল—
যুদ্ধের ধ্বংসলীলা আর রণক্ষেত্রের সেই বিশৃঙ্খলা
আমাদের জন্য আর কোনো ঘর বা দেশ অবশিষ্ট রাখবে না?
তাদের নিজেদের রক্তই মুছে দিয়েছে তাদের সেই কলঙ্কিত পদচিহ্ন।
কোনো আশ্রয়ই ভাড়াটে সৈন্য আর ক্রীতদাসকে বাঁচাতে পারেনি
পালানোর আতঙ্ক অথবা কবরের অন্ধকার থেকে।
আর সেই নক্ষত্রখচিত পতাকা আজ বিজয়ের আনন্দে উড়ছে
মুক্ত মানুষের এই দেশ আর সাহসী জনের এই আবাসভূমিতে।
স্বাধীন মানুষেরা যখন তাদের প্রিয় আবাসভূমি ও যুদ্ধের ধ্বংসলীলার মাঝে রুখে দাঁড়ায়,
তখন এমনই হয়!
স্বর্গের কৃপাধন্য এই দেশ বিজয় ও শান্তিতে সার্থক হয়ে—
সেই শক্তিরই জয়গান গাক, যিনি আমাদের এক জাতি হিসেবে গড়ে তুলেছেন ও রক্ষা করেছেন!
আমাদের লক্ষ্য যখন ন্যায়সংগত, তখন জয় আমাদের হবেই।
আর আমাদের মূলমন্ত্র হোক— "ঈশ্বরের ওপরই আমাদের আস্থা,"
এবং সেই নক্ষত্রখচিত পতাকা বিজয়ের নিশান হয়ে উড়তে থাকুক—
মুক্ত মানুষের এই দেশ আর সাহসী জনের এই আবাসভূমিতে।
রুশ জাতীয় সংগীত –
রাশিয়া আমাদের পবিত্র রাষ্ট্র,
রাশিয়া আমাদের প্রিয় দেশ।
দৃঢ় সংকল্প, মহিমান্বিত গৌরব—
চিরকাল অক্ষুণ্ণ থাকুক তোমার মর্যাদা!
মহিমান্বিত হোক আমাদের মুক্ত পিতৃভূমি,
ভ্রাতৃপ্রতিম জাতিসমূহের সুপ্রাচীন ঐক্য,
পূর্বপুরুষ-লব্ধ জনগণের প্রজ্ঞা!
মহিমান্বিত হোক দেশ! আমরা তোমার জন্য গর্বিত!
দক্ষিণের সাগর থেকে মেরুপ্রান্ত পর্যন্ত
বিস্তৃত আমাদের বনভূমি ও প্রান্তর।
বিশ্বে তুমিই অনন্য! তুমিই একমাত্র—
ঈশ্বরের পরম যত্নে রক্ষিত এই জন্মভূমি!
স্বপ্ন ও জীবনের এক বিশাল দিগন্ত
আমাদের সামনে উন্মুক্ত হচ্ছে।
পিতৃভূমির প্রতি আমাদের নিষ্ঠাই আমাদের শক্তি জোগায়।
অতীতে এমনটাই ছিল, বর্তমানেও তাই, আর ভবিষ্যতেও এমনটাই থাকবে!
বাংলাদেশী জাতীয় সংগীত – (পুরো গানের প্রথম ১০ লাইন)
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে—
ও মা, অঘ্রাণে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি॥
কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো—
কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে—
মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥
পাকিস্তানি - পাক সর্ জমিন
ধন্য হোক এই পবিত্র ভূমি,
সুখী হোক এই সমৃদ্ধ রাজ্য।
তুমি যে দৃঢ় সংকল্পের প্রতীক,
হে পাকিস্তান ভূমি!
ধন্য হোক বিশ্বাসের এই দুর্গ।
এই পবিত্র ভূমির সুশৃঙ্খল বিধান,
জনগণের ভ্রাতৃত্বের অদম্য শক্তি—
জাতি, দেশ ও রাষ্ট্র—
চিরমহিমায় উদ্ভাসিত হোক!
ধন্য হোক আমাদের আকাঙ্ক্ষিত সেই লক্ষ্য।
তারকা ও অর্ধচন্দ্রখচিত সেই পতাকা,
প্রগতি ও পূর্ণতার পথে চালিত করে—
আমাদের অতীতের ভাষ্যকার, বর্তমানের গৌরব,
আর ভবিষ্যতের অনুপ্রেরণা!
মহিমান্বিত ও পরাক্রমশালী ঈশ্বরের ছায়াস্বরূপ।
দ্বিজেন্দ্রলাল রায়
১
ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক–সকল দেশের সেরা;–
ও সে, স্বপ্ন দিয়ে তৈরি সে-দেশ, স্মৃতি দিয়ে ঘেরা;
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
ও সে সকল দেশের রানি সে যে–আমার জন্মভূমি।
চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা।
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে!
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে;
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
ও সে সকল দেশের রানি সে যে–আমার জন্মভূমি।
এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়!
কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশতলে মিশে!
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে!
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
ও সে সকল দেশের রানি সে যে–আমার জন্মভূমি।
পুষ্পে পুষ্পে ভরা শাখী; কুঞ্জে কুঞ্জে গাহে পাখি;
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে–
তারা, ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে;
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
ও সে সকল দেশের রানি সে যে–আমার জন্মভূমি।
ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ!–
ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম–যেন এই দেশেতে মরি–
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
ও সে সকল দেশের রানি সে যে–আমার জন্মভূমি।
২
একবার গাল ভরা মা ডাকে
"মা" বলে ডাক, "মা" বলে ডাক, "মা" বলে ডাক, মাকে
একবার গাল ভরা মা ডাকে
ডাক এমনি করে এই আকাশ ভুবন সেই ডাকে যাক ভরে
আর ভাইয়ে ভাইয়ে এক হয়ে যাক ভাইয়ে
ওরে ভাইয়ে ভাইয়ে এক হয়ে যাক যেখানে যে থাকে
একবার গাল ভরা মা ডাকে
দু′টি বাহু তুলে নৃত্য করে ডাকরে "মা, মা" বলে
আর নেচে নেচে আয় রে মায়ের জাপিয়ে পড়ি কোলে
মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে আনরে মেয়ে লুটে
ছেলের শুনলে সে ডাক দেখবো সে মা
শুনলে সে ডাক দেখবো সে মা, কেমন করে থাকে
একবার গাল ভরা মা ডাকে
দিয়ে করতালি "মা, মা" বলি
ডাকরে এমনি ভাবে ওঠে প্রবল বন্যা ভাবে ভুবন ভাসিয়ে দিয়ে যাবে
মায়ের বুকের ওপর আছড়ে পড়ে চক্ষু দু'টি মুদে
আমার প্রাণ ভেসে যাক, গান ভেসে যাক
প্রাণ ভেসে যাক, গান ভেসে যাক, দেখি শুধুই মাকে
একবার গাল ভরা মা ডাকে
৩
বঙ্গ আমার জননী আমার
ধাত্রী আমার, আমার দেশ
কেন গো মা তোর শুস্ক নয়ন?
কেন গো মা তোর রুক্ষ কেশ?
কেন গো মা তোর ধুলায় আসন?
কেন গো মা তোর মলিন বেশ?
শত কোটি সন্তান যার
ডাকে উপচে আমার দেশ।
কিসের দুঃখ, কিসের দৈন্য,
কিসের লজ্জা, কিসের ক্লেশ?
শত কোটি মিলিত কণ্ঠে
ডাকে যখন আমার দেশ।।
উদিল যেখানে বৌদ্ধ আত্মা
মুক্ত করিতে মোক্ষ দ্বার,
আজিও জুড়িয়া অর্ধ জগৎ
ভক্তি প্রণতঃ চরণে যার।
অশোক যাহার কীর্তি ছায়িল
গান্ধার হতে জলধি শেষ
তুই কিনা মা গো তাদের জননী?
তুই কিনা মা গো তাদের দেশ।।
একদা যাহার বিজয় সেনানী
হেলায় লঙ্কা করিল জয়
একদা যাহার অর্ণবপোত
ভ্রমিল ভারত সাগরময়।
সন্তান যার তিব্বততীর
জাপানে গঠিল উপনীদেশ
তার কি না ধুলায় আসন,
তার কি না এই চ্ছিন বেশ?
উদিল যেখানে মোরজ মন্ত্রে
নিমাই কণ্ঠে মধুর ও তান
ন্যায়ের বিধান দিল রঘুমনি,
চন্ডীদাসও গাইল গান
যুদ্ধ করিল প্রতাপাদিত্য
তুই কিনা সেই ধন্য দেশ,
ধন্য আমরা যদি এ শিরায়
রহে যদি তাদের রক্ত লেশ।।
অতুলপ্রসাদ সেন
১
বলো বলো বলো সবে, শত-বীণা-বেণু-রবে,
ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে।
ধর্মে মহান্ হবে, কর্মে মহান্ হবে,
নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে।
আজও গিরিবাজ রয়েছে প্রহরী,
ঘিরি তিন দিক নাচিছে লহরী;
যায় নি শুকায়ে গঙ্গা গোদাবরী-
এখনো অমৃতবাহিনী।
প্রতি প্রান্তর, প্রতি গুহা বন,
প্রতি জনপদ, তীর্থ অগণন,
কহিছে গৌরবকাহিনী।
বলো বলো বলো সবে, শত-বীণা-বেণু-রবে,
ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে।
ধর্মে মহান্ হবে, কর্মে মহান্ হবে,
নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে।
বিদুষী মৈত্রেয়ী খনা লীলাবতী
সতী সাবিত্রী সীতা অরুন্ধতী,
বহু বীরবালা বীরেন্দ্র-প্রসূতি-
আমরা তাঁদেরই সন্ততি।
অনলে দহিয়া রাখে যারা মান<
পতি-পুত্র-তরে সুখে ত্যজে প্রাণ,
আমরা তাঁদেরই সন্ততি।
বলো বলো বলো সবে, শত-বীণা-বেণু-রবে,
ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে।
ধর্মে মহান্ হবে, কর্মে মহান্ হবে,
নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে।
ভোলে নি ভারত, ভোলে নি সে কথা-
অহিংসার বাণী উঠেছিল হেথা;
নানক নিমাই করেছিল ভাই
সকল ভারত-নন্দনে।
ভুলি ধর্ম-দ্বেষ জাতি-অভিমান
ত্রিশ কোটি দেহ হবে এক-প্রাণ
এক-জাতি-প্রেম-বন্ধনে।
বলো বলো বলো সবে, শত-বীণা-বেণু-রবে,
ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে।
ধর্মে মহান্ হবে, কর্মে মহান্ হবে,
নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে।
মোদের এ দেশ নাহি রবে পিছে,
ঋষি-রাজ-কুল জন্মে নি মিছে;
দুদিনের তরে হীনতা সহিছে,
জাগিবে আবার জাগিবে।
আসিবে শিল্প ধন বাণিজ্য,
আসিবে বিদ্যা বিনয় বীর্য,
আসিবে আবার আসিবে।
বলো বলো বলো সবে, শত-বীণা-বেণু-রবে,
ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে।
ধর্মে মহান্ হবে, কর্মে মহান্ হবে,
নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে।
এসো হে কৃষক কুটিরনিবাসী,
এসো অনার্য গিরিবনবাসী,
এসো হে সংসারী, এসো হে সন্ন্যাসী,
মিল’ হে মায়ের চরণে।
এসো অবনত, এসো হে শিক্ষিত,
পর-হিত-ব্রতে হইয়া দীক্ষিত
মিল’ হে মায়ের চরণে।
এসো হে হিন্দু, এসো মুসলমান,
এসো হে পারসী, বৌদ্ধ, খ্রিস্টিয়ান,
মিল’ হে মায়ের চরণে।
২
হও ধরমেতে ধীর হও করমেতে বীর,
হও উন্নত শির নাহি ভয়।
ভুলি ভেদাভেদ জ্ঞান হও সবে আগুয়ান,
সাথে আছে ভগবান হবে জয়।
তেত্রিশ কোটি মোরা নহি কভু ক্ষীণ,
হতে পারি দীন, তবু নহি মোরা হীন;
ভারতে জনম, পুনঃ আসিবে সুদিন-
ওই দেখো প্রভাত উদয়,
নানা ভাষা, নানা মত নানা পরিধান,
বিবিধের মাঝে দেখো মিলন মহান;
দেখিয়া ভারতে মহা জাতির উথান
জগজন মানিবে বিস্ময়।।
ন্যায় বিরাজিত যাদের কবে
বিঘ্ন পরাজিত তাদের শরে;
সাম্য কভু নাহি স্বার্থে ডরে-
সত্যের নাহি পরাজয়।।
৩
উঠ গো ভারত-লক্ষ্মী, উঠ আদি-জগত-জন-পূজ্যা,
দুঃখ দৈন্য সব নাশি করৱ, দূরিত ভারত-লজ্জা।
ছাড়ো গো ছাড়ো শোক-শয্যা, কর সজ্জা
পুনঃ কমল-কনক-ধনধান্যে!
জননি গো, লহো তুলে বক্ষে,
সান্ত্বন-বাস দেহো তুলে চক্ষে;
কাঁদিছে তব চরণতলে
ত্রিংশতি কোটি নরনারী গো।
কাণ্ডারী নাহিক কমলা, দুঃখলাঞ্ছিত ভারতবর্ষে;
শঙ্কিত মোরা সব যাত্রী কাল-সাগর-কম্পন-দর্শে।
তোমার অভয়-পদ-স্পর্শে, নব হর্ষে,
পুনঃ চলিবে তরণী সুখ লক্ষ্যে
জননি গো, লহো তুলে বক্ষে,
সান্ত্বন-বাস দেহো তুলে চক্ষে
কাঁদিছে তব চরণতলে
ত্রিংশতি কোটি নরনারী গো।
ভারতশ্মশান কর পূর্ণ, পুনঃ কোকিলকূজিত কুঞ্জে,
দ্বেষ-হিংসা করি চূর্ণ কর পূরিত প্রেম-অলি-গুঞ্জে,
দূরিত করি পাপ-পুঞ্জে তপ-তুঞ্জে,
পুনঃ বিমল করো ভারত পুণ্যে।
জননি গো, লহো তুলে বক্ষে,
সান্ত্বন-বাস দেহো তুলে চক্ষে;
কাঁদিছে তব চরণতলে
ত্রিংশতি কোটি নরনারী গো।
রজনীকান্ত সেন
মায়ের দেওয়া মোটা কাপড়
মাথায় তুলে নে রে ভাই;
দীন-দুঃখিনী মা যে তোদের
তার বেশী আর সাধ্য নাই।
ঐ মোটা সূতোর সঙ্গে, মায়ের
অপার স্নেহ দেখতে পাই;
আমরা, এমনি পাষাণ, তাই ফেলে ঐ
পরের দোরে ভিক্ষা চাই।
ঐ দুঃখী মায়ের ঘরে, তোদের
সবার প্রচুর অন্ন নাই;
তবু, তাই বেচে কাচ, সাবান মোজা,
কিনে কল্লি ঘর বোঝাই।
আয়রে আমরা মায়ের নামে
এই প্রতিজ্ঞা ক’রব ভাই;
পরের জিনিস কিনবো না, যদি
মায়ের ঘরের জিনিস পাই।
জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
১
চল রে চল সবে ভারত সন্তান,
মাতৃভূমি করে আহ্বান।
চল রে চল সবে ভারত সন্তান,
মাতৃভূমি করে আহ্বান।
বীর দর্পে পৌরুষ গর্বে,
সাধ রে সাধ সবে দেশের কল্যাণ।
চল রে চল সবে ভারত সন্তান,
মাতৃভূমি করে আহ্বান।
পুত্র ভিন্ন, মাতৃ দৈন্য, কে করে মোচন?
পুত্র ভিন্ন, মাতৃ দৈন্য, কে করে মোচন?
উঠ, জাগো, সবে বলো, মাগো,
তব পদে সপিনু পরাণ।
সবে ভারত সন্তান,
মাতৃভূমি করে আহ্বান।
চল রে চল সবে ভারত সন্তান,
মাতৃভূমি করে আহ্বান।
এক তন্ত্রে করো তপ, এক মন্ত্রে জপ,
এক তন্ত্রে করো তপ, এক মন্ত্রে জপ,
শিক্ষা-দীক্ষা, লক্ষ্য-মোক্ষ এক,
এক সুরে গাও সবে গান।
দেশ-দেশান্তে যাও রে আনতে নব নব জ্ঞান,
দেশ-দেশান্তে যাও রে আনতে নব নব জ্ঞান,
নব ভাবে নবোৎসাহে মাতো , উঠাও রে নবতর তান।
সবে ভারত সন্তান,
মাতৃভূমি করে আহ্বান।
চল রে চল সবে ভারত সন্তান,
মাতৃভূমি করে আহ্বান।
লোক রঞ্জন, লোক গঞ্জন, না করি দৃকপাত,
লোক রঞ্জন, লোক গঞ্জন, না করি দৃকপাত,
যাহা শুভ, যাহা ধ্রুব ন্যায়, তাহাতে জীবন কর দান।
দলাদলি সব ভুলি হিন্দু-মুসলমান,
দলাদলি সব ভুলি হিন্দু-মুসলমান,
এক পথে, এক সাথে চলো, উড়াইয়ে একতা নিশান।
সবে ভারত সন্তান,
মাতৃভূমি করে আহ্বান।
চল রে চল সবে ভারত সন্তান,
মাতৃভূমি করে আহ্বান।
২
এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন,
এক কার্য্যে সঁপিয়াছি সহস্র জীবন।
আসুক সহস্র বাধা, বাধুক প্রলয়,
আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়।
আমরা ডরাইব না ঝটিকা-ঝঞ্ঝায়;
অযুত তরঙ্গ বক্ষে সহিব হেলায়;
টুটে তো টুটুক এই নশ্বর জীবন,
তবু না ছিঁড়িবে কভু সুদৃঢ় বন্ধন।
আসুক সহস্র বাধা, সহস্র প্রলয়,
আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়।
নজরুল ইসলাম
দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার হে!
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার॥
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ —
ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত।
কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত,
এ তুফান ভারি, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার॥
তিমির রাত্রি, মাতৃ-মন্ত্রী সান্ত্রীরা সাবধান!
যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।
ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,
ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার॥
অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ,
কাণ্ডারি, আজি দেখিব তোমার মাতৃ-মুক্তি-পণ।
’হিন্দু না ওরা মুসলিম’ — ওই জিজ্ঞাসে কোন্ জন,
কাণ্ডারি, বল, ডুবিছে মানুষ সন্তান মোর মা'র॥
গিরি-সঙ্কট, ভীরু যাত্রীরা, গুরু গরজায় বাজ —
পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ।
কাণ্ডারি, তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি পথ মাঝ?
করে হানাহানি, তবু চল টানি' — নিয়েছ যে মহাভার॥
ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান —
আসি' অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন্ বলিদান !
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়?
দাসত্ব-শৃঙ্খল বল কে পরিবে পায় হে কে পরিবে পায়?
কোটিকল্প দাস থাকা নরকের প্রায় হে নরকের প্রায়;
দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তায় হে স্বর্গসুখ তায়!
এ কথা যখন হয় মানসে উদয় হে মানসে উদয়;
পাঠানের দাস হবে ক্ষত্রিয়-তনয় হে ক্ষত্রিয়-তনয়;
তখনি জ্বলিয়া উঠে হৃদয়-নিলয় হে হৃদয়-নিলয়!
নিবাইতে সে অনল বিলম্ব কি সয় হে বিলম্ব কি সয়?
অই শুন! অই শুন! ভেরীর আওয়াজ হে ভেরীর আওয়াজ!
সাজ সাজ সাজ বলে, সাজ সাজ সাজ হে সাজ সাজ সাজ!
চল চল চল সবে সমর-সমাজ হে সমর-সমাজ;
রাখহ পৈতৃক ধর্ম ক্ষত্রিয়ের কাজ হে ক্ষত্রিয়ের কাজ।
আমাদের মাতৃভূমি রাজপুতানার হে রাজপুতানার;
সকল শরীরে ছুটে রুধিরের ধার হে রুধিরের ধার।
সার্থক জীবন আর বাহুবল তার হে বাহুবল তার;
আত্মনাশে যেই করে দেশের উদ্ধার হে দেশের উদ্ধার!
কৃতান্ত কোমল কোলে আমাদের স্থান হে আমাদের স্থান;
এসো তায় সুখে সবে হইব শয়ান হে হইব শয়ান।
কে বলে শমন-সভা ভয়ের নিধান হে ভয়ের নিধান?
ক্ষত্রিয়ের জ্ঞাতি যম, বেদের বিধান হে বেদের বিধান।
স্মরহ ইক্ষণাকুবংশে কত বীরগণ হে কত বীরগণ;
পরহিতে দেশহিতে ত্যজিল জীবন হে ত্যজিল জীবন;
স্মরহ তাদের সব কীর্ত্তি-বিবরণ হে কীর্ত্তি-বিবরণ।
বীরত্ব-বিমুখ কোন্ ক্ষত্রিয়-নন্দন হে ক্ষত্রিয়-নন্দন?
অতএব রণভূমে চল ত্বরা যাই হে চল ত্বরা যাই;
দেশহিতে মরে যেই তুল্য তার নাই হে তুল্য তার নাই।
যদিও যবনে মারি চিতোর না পাই হে চিতোর না পাই-
স্বর্গসুখে সুখী হব, এস সব ভাই হে এস সব ভাই!
গোবিন্দচন্দ্র রায়
কতকাল পরে, বল ভারত রে! দুখ-সাগর সাঁতারি পার হবে।
অবসাদ-হিমে, ডুবিয়ে ডুবিয়ে ওকি শেষ নিবেশ রসাতল রে।
নিজ বাসভূমে, পরবাসী হলে পর-দাস-খতে সমুদায় দিলে।
নিজ অন্ন পরে, কর পণ্যে দিলে পরিবর্ত ধনে দুর-ভিক্ষ নিলে।
তুমি অন্ধ হয়ে, পরস্বর্গ সুখে, তুমি আজও দুখে তুমি কালও দুখে!
নিজ ভাল বুঝে, পর মন্দ নিলে, ছিল আপন যা ভাল তাও দিলে!
পর-হাতে দিয়ে, ধনরত্ন সুখে, বহ লৌহ-বিনির্ম্মিত হার বুকে।
পর ভীষণ আসন, আনন রে, পর পণ্যে ভরা তনু আপন রে।
পর দীপশিখা, নগরে, নগরে, তুমি যে তিমিরে তুমি সে তিমিরে।
ঘুচি কাঞ্চন-ভাজন, শোধ শিরে, হ’লো ইন্ধন কাচ প্রচার ঘরে |
খনিখাত খুঁড়ে, খুঁজিয়ে খুঁজিয়ে, পুঁজিপাত নিলে যুটিয়ে লুটিয়ে |
ইত্যাদি ইত্যাদি