• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০৪ | অক্টোবর ২০২৬ | Rabindranath Tagore | প্রবন্ধ
    Share  
  • স্বেচ্ছাচারী রবীন্দ্রনাথ : অংশুমান গুহ
    পরিশিষ্ট | স্বেচ্ছাচারী রবীন্দ্রনাথ

    ১৯৫০ সাল থেকে ‘জনগণমন’ হল ভারতবর্ষের জাতীয় সংগীত (রাষ্ট্রগীত, national anthem)। লেখা ১৯১১তে। এটা রবীন্দ্রনাথের লেখা একটা পাঁচ-স্তবকের গানের প্রথম স্তবক। শুধু ওই প্রথম স্তবকটাতেই ভাষাটা এমন যে বাংলা হলেও ওটাকে হিন্দি ইত‍্যাদি সংস্কৃত-জাত ভাষা বলে চালানো যায়।

    সেই ১৯৫০ থেকেই বঙ্কিমচন্দ্রের ’বন্দেমাতরম’ ভারতের জাতীয় স্তোত্র (রাষ্ট্রগান, national song)। এই গানটা ’আনন্দমঠ’ উপন‍্যাসের জন‍্য লেখা একটা সংস্কৃত গানের প্রথম সিকি-ভাগ। প্রথম লোকসমক্ষে গেয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ, ১৮৯৬ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে। সত্যেন দত্তের বাংলা অনুবাদ হল –
      বন্দনা করি মায়!
      সুজলা, সুফলা, শস্যশ্যামলা, চন্দন-শীতলায়!
      যাঁহার জ্যোৎস্না-পুলকিত রাতি
      যাঁহার ভূষণ বনফুল পাঁতি,
      সুহাসিনী সেই মধুরভাষিণী – সুখদায় – বরদায়!
      বন্দনা করি মায়!

    (প্রতিমা, মন্দির, দুর্গা ইত‍্যাদি হিন্দুধর্ম সংক্রান্ত শব্দ পুরো গানটায় আছে বটে, কিন্তু রাষ্ট্রগানের অংশে নেই।)

    জনগণমন আর বন্দেমাতরম গানদুটো আমাদের কাছে পরিচিত। সেটা শুধু বুদ্ধির পরিচয় নয়। এদের সাথে আমাদের একটা হৃদয়ের যোগ আছে।

    বাংলাদেশের জাতীয় সংগীতও আমরা অনেকেই জানি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটাও রবি ঠাকুরের লেখা একটা গানের প্রথম দিকের অংশ।

    পৃথিবীর অন‍্যান‍্য দেশের জাতীয় সংগীত আমরা তেমন জানি না। জানার কথাও না।

    কয়েকটা উদাহরণ দিতে চাই। সংক্ষিপ্ত বাংলা অনুবাদে সারমর্ম ধরার চেষ্টা করতে পারতাম, কিন্তু সেটার দৈর্ঘ্য আনন্দদায়ক হবে না। তার থেকে বরঞ্চ আমরা একটা খেলা খেলি। কয়েকটা দেশের – দুটো বাদে সব গণতান্ত্রিক – জাতীয় সংগীত থেকে একটা করে লাইন তুলে ধরছি –

      ১ যতদিন না নুড়ি-পাথরগুলো শ্যাওলা-আবৃত পাথরে পরিণত হয়, তোমার রাজত্ব চলুক

      ২ বিশ্বশ্রেষ্ঠ আমরা – শ্রেষ্ঠ আমাদের নারী, নিষ্ঠা, সুরা আর গান

      ৩ দুঃখ কিংবা আনন্দ যা-ই আসুক, এসো আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে ভালোবাসি

      ৪ ভাড়াটে সৈন্য আর ক্রীতদাসকে পালানোর ভয় বা মৃত‍্যুর অন্ধকার থেকে কিছুই বাঁচাতে পারে না

      ৫ বিশ্বে তুমিই অনন্য, তুমিই একমাত্র — ঈশ্বরের পরম যত্নে রক্ষিত এই জন্মভূমি

      ৬ ঈশ্বর, তোমার শ্রেষ্ঠ সব আশীর্বাদ, সদয় হয়ে আমাদের রাজার ওপর বর্ষণ করো

      ৭ স্বৈরাচারের সেনারা আসছে তোমাদের পুত্র আর পত্নীদের গলা কাটতে

      ৮ শত্রুর গোলাবর্ষণ উপেক্ষা করে এগিয়ে চলো

      ৯ মহিমান্বিত ও পরাক্রমশালী ঈশ্বরের ছায়াস্বরূপ আমাদের পতাকা

    দেশগুলো হল (ক্রম অনুযায়ী নয়) –

    মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ‍্য (ব্রিটেন), জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান

    ওপরের লাইনগুলো আমি উৎস-গান থেকে যা-ইচ্ছে-তাই এলোমেলো ভাবে বাছিনি। একটা মানবতার মূল‍্যবোধ দিয়ে বেছেছি। বুঝিয়ে বলি।

    ‘জনগণমন’ লেখার তিন বছর আগে, একটা চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন –

    দেশপ্রেম চূড়ান্ত আধ্যাত্মিক আশ্রয় হতে পারে না। আমার আশ্রয় মানবতায়। আমি হীরের দামে কাচ কিনি না এবং যত দিন বেঁচে থাকি, কখনোই দেশপ্রেমকে মানবতার ওপর বিজয়ী হতে দেব না।

    আমি লাইনগুলো বেছেছি এমন ভাবে যাতে কাচগুলোকে হীরের থেকে আলাদা করতে পারি। যদি একটা গানকে কাচ প্রমাণ করতে চাই, তাহলে যে লাইনটা মোক্ষম হবে সেটাই নিয়েছি। আর যখন সে প্রমাণ পাইনি, তখন হীরে প্রমাণ করার জন‍্য যোগ‍্যতম লাইন নিয়েছি। এইভাবে পছন্দ করা লাইনটাতে যখন দেশের নাম পেয়েছি, তখন তা সরিয়ে আমাদের খেলার খাতিরে ’দেশ’ করে দিয়েছি।

    ন’টার মধ‍্যে তিনটে জাতীয় সংগীত বলছে "আমরাই শ্রেষ্ঠ", তিনটে বলছে শত্রুকে মারার কথা, দুটো স্বদেশের রাজার জন‍্য প্রার্থনা। দেশপ্রেম-সর্বস্ব একটাই।

    (১) "আমি সবার চেয়ে ভালো" এই ভাবনাটা যখন স্বদেশের সম্বন্ধে বলা হয়, তখন তাকে অনেকেই নির্ভুল দেশপ্রেম বলে ঠাহর করে। পৃথিবীময় আধুনিক জাতীয়তাবাদের এটাই হয়তো আদর্শ। কিন্তু আমি যদি শ্রেষ্ঠ হই, কিম্বা আমি যদি একমাত্র উত্তম হই, তাহলে তার অর্থ দাঁড়ায় এই যে তুমি (অন‍্য দেশ) আমার থেকে অধম। তার মানে আমি উত্তম, তুমি অধম।

    (২) শত্রুর সাথে মারামারি করার কথা যদি জাতীয়সংগীতের মন্ত্রের মধ‍্যে থাকে, সেটা জাতীয়তাবাদের সেনাপতিদের বক্তৃতায় সুবিধের ব‍্যাপার হয়। ভয় আর ঘৃণা রাজনৈতিক নিয়ন্ত্রণের দারুণ কার্যকর হাতিয়ার। সুপরিচিত জাতীয়তাবাদী আডল্‌ফ হিটলার লিখেছিলেন –

    নিষ্ঠুরতা মানুষকে অভিভূত করে। মানুষ কিছু একটা ভয় পেতে চায়। তারা এমন কাউকে চায় যার কাছে গা-শিউরে উঠে তারা ভয়ের বশবর্তী হয়ে আত্মসমর্পণ করতে পারে। এটা সাধারণ মানুষের দরকার। তাদের এমন কিছু প্রয়োজন যাকে তারা ভয় পাবে।

    জিদ্দু কৃষ্ণমূর্তি বলেছিলেন –

    যদি যুদ্ধ না চাও, তবে জাতীয়তাবাদী হয়ো না।

    (৩) যে দুটো দেশ রাজার বন্দনাকেই দেশের মূল মন্ত্র করেছে, সেই দুটো দেশেরই রাজা এখন প্রতীকী। তাদের হয়তো গানগুলো পালটানো দরকার।

    পড়ে রইল একটি মাত্র হীরে। পুরো গানটা হল –

      পূর্ব সাগরে যতদিন জল আছে,
      পেকদু পর্বত যতক্ষণ না ক্ষয়ে যাচ্ছে,
      ঈশ্বর আমাদের মাতৃভূমির ওপর দৃষ্টি রাখুন।
      আমাদের কোরিয়া দীর্ঘজীবী হোক।
      শারোনের গোলাপ-বিস্তৃত প্রান্তর ও নদ-নদীর দেশ আমাদের।
      দেশের জনগণের সুরক্ষায় চিরকাল টিকে থাকুক কোরিয়া।
      নামসান পর্বতের সেই বর্ম-পরা পাইনগাছটার মতো —
        যে আজও অবিচল প্রহরীর মত দাঁড়িয়ে আছে,
        ঝড়-তুষার   উপেক্ষা করে অটল ভাবে —
      তেমনই হোক আমাদের সংকল্পের দৃঢ়তা।
      ধনুকের মত বাঁকা শরতের সন্ধের আকাশে —
        স্বচ্ছ, মেঘমুক্ত নীলিমায় —
      দীপ্তিময় চাঁদই হোক আমাদের আত্মার প্রতীক:
        অবিচল, অদ্বিতীয় ও সত্যনিষ্ঠ।
      এমন অদম্য ইচ্ছা, মনোবল, আনুগত্য ও পূর্ণ নিষ্ঠা নিয়ে —
        দুঃখ কিম্বা আনন্দ, যাই আসুক না কেন —
         এসো আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে ভালোবাসি।

    অর্থাৎ – কাউকে ঘৃণা করার দরকার নেই। কারোর চেয়ে ভালো হবার দরকার নেই। শুধু দেশকে ভালোবাসলেই হল।

    এই ধরনের কথায় জাতীয়তাবাদী দেশপ্রেমীরা হয় বিরক্ত হবে, নাহলে বোধহয় হাই তুলে ঘুমিয়ে পড়বে। আমার আন্দাজ হল রবি ঠাকুর সম্মতিতে মাথা নাড়বেন।

    এই গানের মধ‍্যে যে অমায়িকতা, নম্রতা ও শান্তিপ্রিয়তা আছে, সেটা যদি দেশের প্রকৃতির একটা প্রতিফলন হয়, তাহলে কি আধুনিক পৃথিবীতে দক্ষিণ কোরিয়া সফল হতে পারবে? আমাদের মধ‍্যে যারা খুব প্র‍্যাকটিকাল, তাদের হয়ে জিজ্ঞেস করি – পৃথিবীর মাপকাঠিতে দক্ষিণ কোরিয়া কেমন দেশ আজকাল? উত্তর – অর্থনীতিতে ১৩ নম্বর, সামরিক শক্তিতে ৫ নম্বর, সামগ্রিক শক্তিতে ৬ নম্বর, প্রযুক্তিতে ৪ নম্বর, গণশিক্ষায় ১ নম্বর, স্বাস্থ্যব‍্যবস্থায় ৩ নম্বর।

    ভারতের মত দীর্ঘসময় না হলেও, কোরিয়ারও ঔপনিবেশিক নির্যাতনের ইতিহাস আছে। জাপানী সাম্রাজ‍্যের থেকে কোরিয়া পেয়েছে নৃশংস অত‍্যাচার আর মনুষ‍্যত্বের চরম অপমান। তারপরও কোরিয়া মাথা তুলে উঠে দাঁড়িয়েছে। তাদের জাতীয়সঙ্গীতে শুধুই দেশকে ভালোবাসার কথা।

    জাতীয়তাবাদের ব‍্যাপারে রবীন্দ্রনাথ স্বেচ্ছাচারী। স্বেচ্ছাচারী শব্দটার সাধারণ যে প্রয়োগ সেটা নেতিবাচক। কিন্তু উৎপত্তির দিক থেকে শব্দটার মধ‍্যে কোনো নৈতিক নির্ধারণ নেই। স্ব-ইচ্ছায় বা নিজের বিবেচনায় যে চলে সে-ই স্বে‍চ্ছাচারী। সেই অর্থে আওরঙ্গজেব যেমন স্বেচ্ছাচারী, গৌতম বুদ্ধও তেমন স্বেচ্ছাচারী।

    ভারতে স্বাধীনতা আসার আগে এবং পরে তাবড় তাবড় ভারতীয় জাতীয়তাবাদী নেতারা তবু রবীন্দ্রনাথকে অস্বীকার করতে পারেননি। তাঁর গানই জাতীয় সংগীত হয়েছে। অবশ্য ১৯১৩ সাল থেকে তাঁর দীর্ঘকায় সৌম‍্য শরীরে পরিহিত আলখাল্লার ট‍্যাঁকে সাহেবদের দেওয়া সোনার মাদুলিটা না থাকলে কী হত বলা যাচ্ছে না।

    কোনো জাতীয় সংগীত শুধু একটা দেশের গান নয়। সেটা একটা রাষ্ট্রেরও গান। মানুষের বানানো ও মানুষের চালানো যে বিরাট মেশিনের নাম রাষ্ট্র (state), তার যদি কোনো আদর্শ থাকে, সেই আদর্শের ছায়া পড়ে সেই রাষ্ট্রগীতের ওপর। কিন্তু দেশ হল সেই আশ্চর্য জিনিস যার একটা মোটামুটি ভৌগোলিক অবস্থান থাকে ঠিকই, কিন্তু পরিধিটা অস্পষ্ট। একটা ছোট গ্রামও হতে পারে। আবার এক সমুদ্রের তীর থেকে বহুদূরে আরেকটা সমুদ্র অবধি হতে পারে। দেশ রাষ্ট্র-সীমানা মানে না। দেশের সীমানা ইতিহাসের ধূসর পাণ্ডুলিপিতে আঁকা থাকে। রবীন্দ্রনাথের রাষ্ট্র ছিল ঔপনিবেশিক পরাধীন অবিভক্ত ভারতবর্ষ। আর রবীন্দ্রনাথের দেশ? সেখানে পদ্মা যেমন ছিল, যমুনাও ছিল। শিলাইদহ, বীরভূম, শিলং আর কলকাতার আলোয় আলোয় এই আকাশে। মংপু, খুলনা, আলমোড়া, পাতিসর আর পুরীর ধূলায় ধূলায় ঘাসে ঘাসে। দার্জিলিং, রামগড়, সুরুল আর রেঙ্গুনের হাওয়ায় হাওয়ায়। ভৌগোলিক পরিধির বাইরে ভাবলে – দেশ একটা ভাষা, বা অনেকগুলো ভাষা। একটা আচার সংস্কৃতি, বা অনেকগুলো। দেশ একটা ইতিহাস। ইতিহাস কখনো স্থির নয় – মানুষ, সমাজ, আচার, বিশ্বাস সবই ইতিহাসের স্রোতে বদলে যায়। দেশ একটা স্বপ্ন, একটা সম্ভাবনা। মানুষের জীবনের স্মৃতির নাম দেশ। শৈশবের নাম দেশ। দেশ কোনো রাজনৈতিক মেশিন নয়।

    নবারুণ ভট্টাচার্য "রাষ্ট্র" শব্দটা একবারও ব‍্যবহার না করে, সাবলীল ভাবে, বলিষ্ঠ ভাষায় তাকে বর্জন করেছিলেন তাঁর "দেশ" থেকে -
      এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
      এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না
      এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না
      এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না
      আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব
      বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেল ও ভাসান
      সমস্ত শরীর ঘিরে জোনাকি না পাহাড়ে পাহাড়ে জুম্‌
      অগণিত হৃদয় শস্য, রূপকথা ফুল নারী নদী

    আধুনিক পৃথিবীতে যুদ্ধ হয় দুই রাষ্ট্রের মধ‍্যে, দেশের মধ‍্যে নয়। জাতীয়তাবাদীরা রাষ্ট্র নিয়ে ভাবে, দেশ নিয়ে নয়। সাধারণ মানুষ অবশ‍্য অনেকেই দুটোকে গুলিয়ে ফেলে।

    জাতীয়তাবাদীরা আধুনিক পয়গম্বর জন্ লেনন্-কে হয়তো শয়তান কিম্বা ছেলেমানুষ ভাবে –
      মনে কর রাষ্ট্র নেই কোনো
      (শক্ত নয়, চেষ্টা করে দ‍্যাখো)
      কাউকে মারতে হবে না
      মরবারও দরকার নেই
      মনে কর ধর্ম নেই কোনো
      সমস্ত মানুষ রয়েছে শান্তিতে

    ১৯১০ সালে লেখা ’চিত্ত যেথা ভয়শূন‍্য’ এখনো প্রায়শই লোকমুখে আর সোশাল মিডিয়ার মাইকে শুনতে পাই। কিন্তু তার মধ‍্যে এও ছিল –

    যেথা গৃহের প্রাচীর
      আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
      বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি

    ১৯১৭ সালে একটা বক্তৃতায় রবীন্দ্রনাথ বলেছিলেন —

    Nationalism is a great menace. It is the particular thing which for years has been at the bottom of India’s troubles.

    অর্থাৎ —

    জাতীয়তাবাদ একটা বিরাট উপদ্রব। এটা সেই জিনিস যা অনেক বছর ধরে ভারতের সমস‍্যাগুলোর মূলে রয়েছে।

    সেই একই বক্তৃতায় তিনি তৎকালীন ভারতীয় শিক্ষিত [জাতীয়তাবাদী] মানুষদের সম্বন্ধে বলেছেন যে তারা তাদের সমাজের প্রয়োজনগুলো সম্বন্ধে উদাসীন হয়ে গেছে। সমাজের কাঠামোর অনড় ভাবটাকে তারা পরিপূর্ণতা বলে মনে করে। অনেকটা সেই লোকটার মত যার দুটো পা শুকিয়ে অকেজো হয়ে গেছে। অথচ সে ভাবে যে তার পাগুলো পূর্ণাঙ্গ রূপ পেয়েছে বলেই নিশ্চল হয়েছে, আর ভাবে যে সমস‍্যাটা আসলে এই যে তার হাঁটার লাঠিগুলো দরকারের থেকে ছোট।

    স্বেচ্ছাচারী রবীন্দ্রনাথের দেশাত্মবোধক গান নিয়ে আলোচনা করার আগে বাংলা ভাষায় লেখা অন‍্য কিছু দেশাত্মবোধক গান একটু নেড়েচেড়ে দেখা যেতে পারে। ছোটবেলা থেকে শুনেছি এসব গান। গেয়েছি এবং ভালোবেসেছি। তখন বুঝিনি হীরে-কাচের পার্থক‍্য। বুড়ো বয়সে পৌঁছে কাচের ঠুনকো আওয়াজটা কানে লাগে।

    দ্বিজেন্দ্রলাল রায়ের হীরে-আর-কাচ-মেশা গান –
      ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা
      তাহার মাঝে আছে দেশ এক–সকল দেশের সেরা;–
      …
      সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি

    এবং

      একবার গালভরা মা ডাকে,
      মা ব’লে ডাক, মা ব’লে ডাক
      মা ব’লে ডাক মাকে।

    এবং

      বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ!
      কেন-গো মা তোর শুষ্ক নয়ন, কেন-গো মা তোর রুক্ষ কেশ?
      কেন-গো মা তোর ধূলায় আসন, কেন-গো মা তোর মলিন বেশ?
      ত্রিংশ কোটি সন্তান যার ডাকে উচ্চে— ‘আমার দেশ’।

    ওই শেষ গানটাকে আমি হীরে মনে করি। কিন্তু এই গানের পরের দিকে একটা অবাক ব‍্যাপার আছে –

      উদিল যেখানে বৌদ্ধ আত্মা
      মুক্ত করিতে মোক্ষ দ্বার,
      …
      অশোক যাহার কীর্তি ছায়িল

    বঙ্গদেশে বুদ্ধ আর অশোক? ফেক্ ন‍্যুজ্ নাকি?

    অতুলপ্রসাদ সেনের হীরে-আর-কাচ-মেশা গান –
      বলো বলো বলো সবে, শত-বীণা-বেণু-রবে,
      ভারত আবার জগতসভায় শ্রেষ্ঠ আসন লবে।
      ধর্মে মহান্ হবে, কর্মে মহান্ হবে,
      নব দিনমণি উদিবে আবার পুরাতন এ পুরবে।

    এবং

      হও ধরমেতে ধীর হও করমেতে বীর,
      হও উন্নত শির নাহি ভয়।

    এবং

      উঠ গো ভারত-লক্ষ্মী, উঠ আদি-জগত-জন-পূজ্যা,
      দুঃখ দৈন্য সব নাশি কর দূরিত ভারত-লজ্জা।
      …
      কাঁদিছে তব চরণতলে
       ত্রিংশতি কোটি নরনারী গো।

    রজনীকান্ত সেনের গান –
      মায়ের দেওয়া মোটা কাপড়
      মাথায় তুলে নে রে ভাই;
      দীন-দুঃখিনী মা যে তোদের
      তার বেশী আর সাধ্য নাই।

    জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের গান –
      চল রে চল সবে ভারত সন্তান,
      মাতৃভূমি করে আহ্বান।
      বীর দর্পে পৌরুষ গর্বে,
      সাধ রে সাধ সবে দেশের কল্যাণ।

    এবং

      এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন,
      এক কার্য‍্যে সঁপিয়াছি সহস্র জীবন।
      আসুক সহস্র বাধা, বাধুক প্রলয়,
      আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়।

    নজরুল ইসলামের গান –
      দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার হে!
      লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার॥
      দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ —
      ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত।

    রঙ্গলাল বন্দ‍্যোপাধ‍্যায়ের গান –
       স্বাধীনতা-হীনতায় কে বাঁচিতে চায় হে   কে বাঁচিতে চায়?
      দাসত্ব-শৃঙ্খল বল কে পরিবে পায় হে   কে পরিবে পায়?

    গোবিন্দচন্দ্র রায়ের গান –
      কতকাল পরে, বল ভারত রে!  দুখ-সাগর সাঁতারি পার হবে।
      অবসাদ-হিমে, ডুবিয়ে ডুবিয়ে   ওকি শেষ নিবেশ রসাতল রে।

    (এই গানটার প‍্যারডি করেছিলেন রবীন্দ্রনাথ ’চিরকুমার সভা’য় –
      কত কাল রবে বল’ ভারত রে / শুধু ডাল ভাত জল পথ্য ক'রে।)

    ওপরের বারোটা গানের মধ‍্যে একটা সম্বন্ধে আমার মতামত দিয়েছি। বাকিগুলোর কাচ-হীরের বিবেচনা উৎসুক পাঠকের হাতে।


    এই প্রসঙ্গে সত‍্যেন দত্তের একটা সুন্দর কাচ-এর কথা মনে পড়ল, অবশ‍্য সেটা কবিতা, গান নয় –

      কোন্ দেশেতে তরুলতা
      সকল দেশের চাইতে শ‍্যমল

    বাংলা ছেড়ে এগোলে, নেতাজীর ‘ভারতীয় জাতীয় সেনাবাহিনী’ বা ’আজাদ হিন্দ্ ফৌজ’-এর কুচকাওয়াজের হিন্দি/উর্দু গান –
      কদম কদম বাড়ায়ে যা, খুশী কি গীত গায়ে যা
      ইয়ে জিন্দাগী হ‍্যায় কম কি, তু কম পে লুটায়ে যা
      শের-এ-হিন্দ আগে বড়্, মরনে সে তু কভি না ডর্
      উড়াকে দুশমনো কা সর্ জোশ-এ-বতন বাড়ায়ে যা

        (কথা - বংশীধর শুক্লা, সুর - ক‍্যাপ্টেন রাম সিং ঠাকুরি)

    বাংলা তর্জমা –
      আনন্দের গান গেয়ে পায়ে পায়ে এগিয়ে চলো। এ জীবন দেশের — দেশের স্বার্থেই তা উৎসর্গ করো।
      হে ভারত-সিংহ, এগিয়ে চলো। মৃত্যুকে ভয় কোরো না। শত্রুর মুণ্ডপাত করে দেশপ্রেম সমুন্নত রাখো।

    যে হেতু এটা সশস্ত্র সংগ্রামের গান, একে হীরে-কাচের ভাগাভাগিতে ফেলা অন‍্যায় হবে।

    প্রসঙ্গতঃ – সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে অস্থায়ী স্বাধীন ভারত ("আজাদ হিন্দ্") সরকারের জাতীয় সঙ্গীত ছিল "শুভ সুখ চৈন" নামে একটা হিন্দুস্তানি গান, যেটা ‘জনগণমন’-র অনুবাদ। কথা - ক্যাপ্টেন আবিদ হাসান ও মুমতাজ হুসেন, সুর - ক্যাপ্টেন রাম সিং ঠাকুরী, সময় - ১৯৪৩, রবীন্দ্রনাথের মৃত্যুর দু’বছর পর।

    মহম্মদ ইকবালের উর্দু গান –
      সারে জাহাঁ সে আচ্ছা হিন্দোসিতাঁ হামারা
      হাম বুলবুলেঁ হ‍্যায় ইস কি, ইয়ে গুলিস্তাঁ হামারা

    বাংলায় –
      সারা পৃথিবীর থেকে ভালো আমাদের হিন্দুস্তান
      এ হল আমাদের বাগান আর আমরা এর বুলবুল

    একটা ইন্টেরেস্টিং ব‍্যাপার হল এই যে পাকিস্তানের তথাকথিত দার্শনিক গুরুর এই গান এখন পাকিস্তানে কেউ শোনে না অথচ ভারতবর্ষে এখনো জনপ্রিয়।

    ইদানিং কালের একটা গানের কথা বলি। ১৯৯৩ সালে 'রোজা’ সিনেমার জনপ্রিয় গান। কথা - পি কে মিশ্র, সুর - এ আর রহমান--
      ভারত হামকো জান সে পেয়ারা হ‍্যায়
      সবসে নয়ারা গুলিস্তাঁ হামারা হ‍্যায়
      সদিয়োঁ সে ভারতভূমি দুনিয়া কি শান হ‍্যায়
      ভারত মা কি রক্ষা মেঁ জীবন কুরবান হ‍্যায়

    বাংলা তর্জমা –
      ভারত আমাদের কাছে প্রাণের চেয়েও প্রিয়
      আমাদের এই দেশ বিশ্বের শ্রেষ্ঠ বাগান
      যুগ যুগ ধরে ভারতভূমি পৃথিবীর গর্ব
      মাতৃভূমির রক্ষায় আমরা প্রাণ উৎসর্গ করি

    ২০২৫ সালে ওই সুরেই আরেকটা হিন্দি গান ‘দ‍্য ডিপ্লোম‍্যাট’ সিনেমায় গাওয়া হয়, যার প্রথম লাইন হল –
      ভারত আপনি আঁখ কি তারা হ‍্যায়

    বাংলা –
      ভারত আমাদের চোখের তারা

    এই দ্বিতীয় সংস্করণের একটা ইন্টেরেস্টিং লাইন হল –
      ওহে শত্রু, ভালো করে জেনে রাখো
      তোমরা যদি ভারতে আসো, আমরা প্রতিটি শস্য-ক্ষেতে বন্দুক আর বারুদ ছড়িয়ে দেব

    ‘হীরে’ বলা অসম্ভব, যদিও ন‍্যায‍্যতার খাতিরে ওই গানদুটোর পক্ষ নিয়ে বলতে হবে যে ওই দুটো সিনেমাতেই রাষ্ট্রের সামরিক/গুপ্তচরী/কূটনৈতিক সংঘাতের কথা আছে। তাহলেও, ওপরে উদ্ধৃত শেষ লাইনটা আমার কানে পাড়ার রকবাজ মস্তানের শাসানির মত শোনায়, একদিন না একদিন যাদের কাপুরুষতা আর ভয় অনিবার্যভাবে ফাঁস হয়ে যায়।

    এইবার আসা যাক রবীন্দ্রনাথের দেশে।

    ‘জনগণমন’ ছাড়া ’স্বদেশ’ পর্যায়ে ৪৫টা রবীন্দ্রসঙ্গীত আছে। একটাও কাচ নেই। সব হীরে। তার মধ‍্যে ২৮টা নিজের বা দেশের সন্তানদের উদ্দেশে – কখনো সাহস দিয়ে, কখনো খুঁচিয়ে, কখনো উৎসাহ জুগিয়ে, কখনো আশার কথা বলে। দেশ-মাতার উদ্দেশে ৮টা গান আর ঈশ্বরের উদ্দেশে ৫টা।

    দুটো অসামান‍্য গান সোজাসুজি অসাধু শাসকের বিরুদ্ধে –
      বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান--
        তুমি কি এমনি শক্তিমান!
       আমাদের ভাঙাগড়া তোমার হাতে এমন অভিমান--
         তোমাদের এমনি অভিমান॥

    আর
      রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে?
      তোমার টানাটানি টিঁকবে না ভাই, রবার যেটা সেটাই রবে॥
      …
      ভাবছ হবে তুমিই যা চাও, জগৎটাকে তুমিই নাচাও--
      দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে॥

    মাতৃভাষা-মন্দিরে মূর্ত-মাধুরীর মত, অথচ সাদাসিধে সৎ-সাহসী — এই রকম অবাধ‍্যতার গান পৃথিবীর আর কোথাও আছে কিনা জানা নেই।

    রবীন্দ্রনাথ যখন ভারতবর্ষের কথা বলেছেন, সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। সব্বাইকে –
      হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগো রে ধীরে
      এই ভারতের মহামানবের সাগরতীরে।
      এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু-মুসলমান।
      এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান।

    জাতীয়তাবাদের কাপুরুষ গোষ্ঠিপ‍্রীতির বিরুদ্ধে এ হল রবি ঠাকুরের সোচ্চার স্বেচ্ছাচার।

    ডি এল রায় বলেছেন –
      সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি

    কিন্তু রবীন্দ্রনাথ পারেননি। তিনি গেয়েছেন –
      সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
       সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে॥
      জানি নে তোর ধনরতন আছে কি না রানীর মতন,
      শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে॥

    রবীন্দ্রনাথ দেশকে যে মা বলে সম্বোধন করেছেন, বুঝিয়ে দিতে ভোলেননি যে সেই মা বিশ্বজোড়া –
      ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা।
      তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা॥

    বলেছেন যে পরাধীনতার বাঁধন ছেঁড়া মানে তো শুধু দেশকে পাওয়া নয়, দেশের বাইরের সারা পৃথিবীকেও পাওয়া। মানুষের অধিকার শুধুই স্বদেশের ওপর নয়। বিশ্বের ওপর আছে সবার অধিকার –
      নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার--
      জানি জানি তোর বন্ধনডোর ছিঁড়ে যাবে বারে বার॥
      খনে খনে তুই হারায়ে আপনা   সুপ্তিনিশীথ করিস যাপনা--
      বারে বারে তোরে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার॥

    দেশ মানে শুধু স্থান নয়। দেশ মানে ভাষা, স্মৃতি, আবেগ, সেন্টিমেন্ট –
      আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
      চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি॥
      ...
      মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
          মরি হায়, হায় রে--
      মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি॥

    দেশাত্মবোধক গানের চরিত্রে একটা সেন্টিমেন্টাল সূত্র থাকাটাই প্রত‍্যাশিত। রবীন্দ্রনাথের লেখনী সেখানে নিপুণ। ‘চার অধ‍্যায়’-এ অন্তু বলেছিল, "ওরা আমাকে বলে সেন্টিমেন্টাল, মনে ঠিক করে রেখেছিল সংকটের সময় প্রমাণ হবে আমি ভিজে মাটিতেই তৈরি। ওরা ভাবতেই পারে না সেন্টিমেন্টেই আমার অমোঘশক্তি।"

    বুদ্ধির পলিমাটিতে আবেগের শিকড় ছড়িয়ে রবীন্দ্রনাথের প্রকাণ্ড প্রকাশ যেন একটা গাছের মত। প্রাণের ডালে ডালে চেতনার পাতা ফুটেছে। ফুটেছে ভাষার ফুল। যখন সেন্টিমেন্টের হাওয়া দেয়, ডালে ডালে পাতায় পাতায় মন-ভোলানো নাচের মাতন লাগে।

    ‘জনগণমন’ পুরো গানটার পাঁচটা স্তবকেও ওই সেন্টিমেন্টের ব‍্যাপার কিছুটা আছে –
       তব শুভ নামে জাগে,  তব শুভ আশিস মাগে,
          গাহে তব জয়গাথা।
      পূরব পশ্চিম আসে   তব সিংহাসন-পাশে
          প্রেমহার হয় গাঁথা।
      দারুণ বিপ্লব-মাঝে    তব শঙ্খধ্বনি বাজে
          সংকটদুঃখত্রাতা।
      দুঃস্বপ্নে আতঙ্কে   রক্ষা করিলে অঙ্কে
          স্নেহময়ী তুমি মাতা।
      তব করুণারুণরাগে    নিদ্রিত ভারত জাগে
          তব চরণে নত মাথা।

    গানটা দেশের উদ্দেশে নয়, দেশের মানুষের প্রতিও নয়। এ হল ঈশ্বরের কাছে দেশের মঙ্গল কামনা করে এক প্রার্থনা। পুরো পাঁচ-স্তবকের গানটায় এক বলিষ্ঠ অটল বিশ্বাসের কথা আছে –
      ঘোরতিমিরঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে
      জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতনয়নে অনিমেষে।

    ওই শেষ লাইনটা আমার মতে রবীন্দ্রনাথের অন‍্যতম শ্রেষ্ঠ রচনা। ব্যঞ্জনাময় একটা আধ‍্যাত্মিক প্রতীতি প্রকাশ করা হয়েছে যে শব্দচয়নে, তা এতই নিখুঁত, এতই সম্পূর্ণ ভাবে নিপুণ, যে ভাবচ‍্যুতি ও সৌন্দর্যহানি না ঘটিয়ে কোনো শব্দকেই নড়ানো যাবে না, সরানো যাবে না।


    [খেলা/ধাঁধার সমাধান – ১ জাপান, ২ জার্মানি, ৩ দক্ষিণ কোরিয়া, ৪ মার্কিন যুক্তরাষ্ট্র, ৫ রাশিয়া, ৬ যুক্তরাজ‍্য (ব্রিটেন), ৭ ফ্রান্স, ৮ চীন, ৯ পাকিস্তান]

  • পরিশিষ্ট | স্বেচ্ছাচারী রবীন্দ্রনাথ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  •   (?)
  • মন্তব্য পড়ুন / Read comments