• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১০৩ | জুলাই ২০২৬ | সম্পাদকীয়
    Share
  • সম্পাদকীয় : পরবাস

    পরবাস-এর অনুবাদ বিভাগে The Lizard (‘টিকটিকি’)-র পরে মানিক বন্দ্যোপাধ্যায়ের 'সরীসৃপ' সিরিজের আরেকটি গল্পের অনুবাদ Serpentine প্রকাশিত হল। এর জন্য মূল গল্পটির (‘সর্পিল’) সন্ধান করতে পেয়ে গেলাম ১৯৩১ সালের ভারতবর্ষ পত্রিকাটির 'মাঘ' সংখ্যাটি। কৌতূহলের বশে এতে আর কী কী প্রকাশিত হয়েছিল দেখতে থাকি, এবং তার আগে-পরের কয়েকটি সংখ্যাও। একটা পত্রিকার সব লেখা না পড়লেও তাতে কার পাশে কী আছে সেটাও বেশ ইন্টারেস্টিং হতে পারে। বিশেষ করে যদি যথেষ্ট সময়ের ব্যবধান থাকে।

    দেখা যাক এই সংখ্যাতে কী কী ছিল (যে লেখকদের নাম মোটামুটি পরিচিত, তাঁদের নামই উল্লেখ করছি)।

    মনে রাখতে হবে যে এটি ছিল মাসিক পত্রিকা।

    ৩টি ধারাবাহিক উপন্যাস (নরেশচন্দ্র সেনগুপ্ত; …)

    ৪টি কবিতা (কুমুদরঞ্জন মল্লিক। …)

    ৫টি প্রবন্ধ (তার মধ্যে একটি নরেন্দ্র দেব-এর চলচ্চিত্রে দৃশ্যরচন রীতির উপর, একটি প্রাচীন কলকাতার উপর ধারাবাহিক; একটি হরপ্রসাদ শাস্ত্রীর স্মৃতি-তর্পণ [পরবাসেও সম্প্রতি এঁর উপর লিখেছেন দেবজ্যোতি ভট্টাচার্য])

    ৩টি ভ্রমণ কাহিনী/রম্যরচনা/ইতিহাস (বিষয় যথাক্রমে পেশাওয়ার/খাইবর পাস; নালন্দা (মোটামুটি সাম্প্রতিক ‘আবিষ্কার’); কাশ্মীর; প্রবোধ সান্যাল; …)

    ২টি গল্প (মানিক বন্দ্যোপাধ্যায়; …)

    ১টি সঙ্গীত (গানের কথা, ও 'সুর', একেবারে স্বরলিপি-সহ)

    ৩টি ছবি (অসিতকুমার রায়; …)

    বিবিধ-প্রসংগ বিভাগে আছে বাংলা বানানের উপর লেখা (যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি); জেলালুদ্দিন রুমির উপর; রাশিয়ায় নাট্য-বিপ্লব

    এছাড়া 'সাময়িকী' বিভাগে আছে নানা সাম্প্রতিক খবর--শুরু হচ্ছে অবরোধ ও কারাদণ্ডের খবর দিয়ে, ধরা হয়েছে মহাত্মা গান্ধী, প্যাটেল ভ্রাতৃদ্বয়, সুভাষ বোস, রাজেন্দ্রপ্রসাদ ও আরও অনেককে। জওহরলালের কারাদণ্ড ও অর্থদণ্ড ইত্যাদি ইত্যাদি। তাছাড়া আছে নানা নতুন অর্ডিন্যান্সের খবর--সরকারের বিরোধীদের দমনের জন্য। নতুন আইন অনুযায়ী অনেক সঙ্ঘ-সমিতিকে বেআইনি ঘোষণা করা হয়েছে। এসব ছাড়া আছে রবীন্দ্রনাথের ৭০ বছর উদ্‌যাপন ও প্রাসঙ্গিক কবি-প্রশস্তি ও কবির উত্তর ইত্যাদির তুলনামূলকভাবে বিস্তারিত বিবরণ।

    আছে একটি সাহিত্যসংবাদ বিভাগ-- ১৩টি 'নবপ্রকাশিত পুস্তকাবলী'র লেখক ও গ্রন্থের নাম ও মূল্য (কয়েক আনা থেকে সর্বোচ্চ দাম ২ টাকা)। পরবাসেও একটি এরকম বিভাগ আছে, কিন্তু এতে গ্রন্থলেখকদের আগ্রহ ক্রমশ কমে যাচ্ছে।

    এগুলি লেখার উদ্দেশ্য অন্য কিছু নয়, এটি দেখতে দেখতে মনে হল যে প্রায় একশো বছর পরেও পত্রিকার বিষয় ও বিন্যাস খুব একটা পালটায়নি। পত্রিকাতে বিষয় অনুযায়ী লেখাগুলি সাজানো নয়-- পরবাস-এর ক্ষেত্রেও সেটা করলে কেমন হয়? বেশিরভাগ লেখকের নাম আমি জানি না, কিন্তু কয়েকটি লেখা পড়তে ইচ্ছে করে লেখার শিরোনাম/বিষয় নজরে এলে। ভারতবর্ষে কি পাঠকদের চিঠি ছাপা হত না? দেখতে হবে।

    পরবাস-এর এই সংখ্যাতে শিবানী ভট্টাচার্য দে'র উপন্যাস অপ্রতিহতা-র শেষ পর্ব প্রকাশিত হল। পরবর্তী সংখ্যার জন্য নতুন অপ্রকাশিত উপন্যাসের আহ্বান জানাচ্ছি।

  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments